স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, প্রাবন্ধিক, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ৫ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ জুলাই) সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান বাউবি ভিসি।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ, খ্যাতিমান প্রাবন্ধিক, সাহিত্যিক, গবেষক ও আদর্শনিষ্ঠ চিন্তাবিদ। শিক্ষা, গবেষণা, সাহিত্য এবং সমাজচিন্তায় তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর প্রজ্ঞাদীপ্ত চিন্তা, মূল্যবোধনির্ভর লেখনী এবং আলোকিত সমাজ বিনির্মাণে নিরলস সাধনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সঙ্গে তাঁর প্রায় ৩৫ বছরের আন্তরিক সম্পর্ক ছিল। সর্বশেষ গত ২৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় তাঁর সঙ্গে কাটানোর সুযোগ হয়েছিল। সে সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। তিনি স্মৃতিচারণ করে বলেন, তাঁর সঙ্গে প্রতিটি আলোচনায় দেশ, জাতি, সমাজের অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের বিষয়ই প্রাধান্য পেত। জীবনের প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। কর্ম, চিন্তা ও আদর্শের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ভিসি মরহুমের বিদেহী রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আদর্শ, মূল্যবোধ ও কর্মধারা অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।