‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর এবং বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব, এনজিও ফোরামের প্রতিনিধি ওয়াসিম বাসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, জুনিয়র অফিসার মো. রুবেল হাসান এবং মাঠ সংগঠক মো. মোস্তফা শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহকারী ইস্তেকবাল চয়ন।

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী সমাজ গঠনে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়নের ভিত্তি হলো শক্তিশালী গ্রামীণ অর্থনীতি এবং এ লক্ষ্য অর্জনে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই।

আলোচনা শেষে অতিথিবৃন্দ সুফলভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুফলভোগী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।