গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ‘খাদামাত খান ইউনিস’-এর গোলরক্ষক সালিম খাদের আল-আশকার (৩২) নিহত হয়েছেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (PFA) এবং দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, গত ২৯ জুন সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় ইসরাইলি বাহিনী তাকে গুলি করে হত্যা করে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালেই এই ঘটনাটি ঘটেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাত শুরুর পর থেকেই আল-আশকারসহ অসংখ্য ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন বলে সংস্থাটি জানায়। তাদের হিসাবে, এ সময় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন আল-আশকার। তার স্ত্রী বর্তমানে প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, সহকর্মী, ফিলিস্তিনের ক্রীড়া অঙ্গনসহ আন্তর্জাতিক ফুটবল মহলেও শোকের ছায়া নেমে আসে।
চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বুধবার (১ জুলাই) দেওয়া বিবৃতিতে ক্লাবটি জানায়, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মৃত্যুতে তারা শোকাহত এবং একই সঙ্গে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ক্লাবটি ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: আনাদলু এজেন্সি