যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি সম্পাদনের লক্ষ্যে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক অবকাশযাপনকেন্দ্রে (Bürgenstock Resort) বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার প্রাথমিক সমঝোতা স্মারকের (MoU) সূত্র ধরে ৬০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই টেকনিক্যাল আলোচনা অনুষ্ঠিত হলো।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে কাতার জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়েছে। এর আগে আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছায়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এ অন্তর্ভুক্ত সব বিষয় নিয়ে একটি সর্বাত্মক ও স্থায়ী চুক্তি অর্জনের পথ তৈরি করবে বলে তারা আশা করছে।
বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি, এই বৈঠকগুলো সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সব বিষয়কে অন্তর্ভুক্ত করে একটি ব্যাপক ও স্থায়ী চুক্তি সম্পাদনের দিকে এগিয়ে যাবে।
চুক্তিতে সব ফ্রন্টে শত্রুতা বন্ধ, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সুইজারল্যান্ডের এই বৈঠককে ওই সমঝোতার বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : আল জাজিরা