বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও দ্বীনি দায়িত্ববোধে রুকনদের আরও সমৃদ্ধ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. শফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন, আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পাশাপাশি পৃথিবীতে ন্যায়, ইনসাফ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফতের দায়িত্ব পালনের জন্যও মানুষকে দায়িত্বশীল করা হয়েছে। যুগে যুগে প্রেরিত নবী-রাসূলগণ এ দায়িত্ব পালনে মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, আদর্শবান কর্মী গড়ে তুলেছেন এবং ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বিধান বাস্তবায়নের সংগ্রাম করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীও সেই নববী আদর্শ অনুসরণ করে দেশে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি কর্মী ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের প্রত্যাশায় দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রুকনরাই সংগঠনের মূল চালিকাশক্তি। তাদের আদর্শিক দৃঢ়তা, চারিত্রিক উৎকর্ষ, সাংগঠনিক দক্ষতা ও আত্মত্যাগের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব গড়ে উঠবে, যা দেশ ও জাতিকে কল্যাণের পথে পরিচালিত করবে।
মাওলানা এটিএম মাসুম বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশেও ইসলামী মূল্যবোধ ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার ও বিরোধিতা অব্যাহত রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রুকনদের জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য ও সাংগঠনিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে এবং সমাজের সর্বস্তরে ইসলামের সৌন্দর্য ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী এবং ড. হাফিজুর রহমান।
শিক্ষাশিবিরে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত বিপুলসংখ্যক রুকন অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে দারসুল কুরআন, আদর্শিক আলোচনা, সাংগঠনিক দিকনির্দেশনা, প্রশ্নোত্তর পর্ব এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ব্যক্তি গঠন, পরিবার গঠন এবং সমাজ সংস্কারের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামীর রুকনদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।