সংগ্রাম ডেস্ক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সংস্কার কার্যক্রমে ব্যত্যয় ঘটলে তা দেশের জন্য শুভ হবে না।

তিনি গতকাল সোমবার বিকেল ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ষান্মাসিক সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই মাস দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সময়। জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য শ্রমজীবী মানুষ জীবন উৎসর্গ করেছেন। শহীদ পরিবারের সদস্যরা এখনো শোক ও বেদনা বহন করছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে।

ষান্মাসিক সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি সংগঠনকে কার্যকরভাবে পরিচালনার জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও বিভাগভিত্তিক দায়িত্বশীল কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে প্রচলিত অনেক শ্রমিক সংগঠন প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারলেও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। ফলে দেশের শ্রমজীবী মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা পূরণে সংগঠন ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

সাম্প্রতিক টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট দুর্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ৫০ জনের ও অধিক প্রাণহানি ঘটেছে, হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত উদ্যোগ এখনো দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মানুষের চাহিদা ও ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে মাস্টারপ্ল্যানের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে, যাতে জনগণ প্রকৃত সুফল পায়।

এ সময় তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় নেতৃবৃন্দকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ঢাকার খাল দখল ও অপরিকল্পিত নগরায়ণের কারণে সমগ্র রাজধানীবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কর্মসূচি জোরদার করা এবং চলমান জাতীয় পরিস্থিতিতে সংগঠনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফেডারেশনের ২০২৬ সালের ষান্মাসিক সেক্রেটারিয়েট বৈঠক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, পাঠাগার সম্পাদক জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ।