কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সংঘটিত এ জোড়া হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)। গুরুতর আহত মুল্লুক মণ্ডল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে দিবাগত রাতে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মিন্টু চৌকিদারের সমর্থকেরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি স্থানীয়দের গুজবে বিভ্রান্ত না হওয়ার, আইন নিজের হাতে তুলে না নেওয়ার এবং যেকোনো তথ্য পুলিশকে দিয়ে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোড়া হত্যাকাণ্ডের পর দেবীনগর ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।