চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়া নিয়ে অবস্থান করছেন। তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আতিকুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন-সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের ইমরান হোসেন (২২), কুষ্টিয়ার সাইফুল মণ্ডল (৪০) এবং পাবনা জেলার বিভিন্ন এলাকার মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি ধারালো দুফলা অস্ত্র, দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ জব্দ করা হয়।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।