গাজীপুর মহানগরে মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, এক ছিনতাইকারী, এক চোর এবং ২৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ। অভিযানে মোট ২৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

শনিবার (২৭ জুন) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস পুলিশ দল মহানগরের বিভিন্ন এলাকায় একযোগে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্র জানায়, মহানগর এলাকায় মাদকের বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।

জিএমপি সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।