গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রচারণার অংশ হিসেবে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণের পাশাপাশি ভোটারদের হাতে তিনি নির্বাচনী লিফলেট তুলে দেন।

প্রচারণাকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোসিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, সাবেক সভাপতি মাসউদুল হাসান, সেক্রেটারি মো. আমিরুল ইসলাম ও ওয়ার্ড সভাপতি মো. নূরুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

মতবিনিময়কালে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, "জনগণের দোরগোড়ায় পৌঁছে তাঁদের পাশে থেকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলা পরিষদ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।" তিনি আসন্ন নির্বাচনে উপজেলার সবার দোআ, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।