গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।

পুলিশ জানায়, সোলেমান সিকদার ও কাওসার হোসেন আরও দুই বন্ধুর সঙ্গে দুটি মোটরসাইকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উদ্দেশে রওনা দেন। রাত ২টার দিকে তারা শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।