জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন ঘোষণায় শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এ তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান এবং ত্রিনিদাদ ও টোবাগোসহ আরও কয়েকটি দেশ।

ইউরোপীয় ইউনিয়ন (২৭ দেশের জোট), তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে আগে থেকে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বাকি ৩৮টি দেশের ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কহার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আছে চীন ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েলের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশ।

আগে ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১০ শতাংশ সাময়িক (১৫০ দিনের জন্য) বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। ঠিক সেই সময় থেকেই নতুন আরোপিত এই শুল্কহার কার্যকর হবে।

তবে যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য ২৮ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এই শুল্কহার থেকে অব্যাহতি পাবে।